হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসার মুখে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাবে।’
মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।
তিনি লিখেছেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতা নিশ্চিহ্ন হবে, যা আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে।’
‘তবে, এখন যেহেতু আমাদের হাতে সম্পূর্ণ ও সামগ্রিক শাসন পরিবর্তনের সুযোগ আছে, যেখানে বিচক্ষণ ও কম উগ্রপন্থীরা ক্ষমতায় আসবে, তাই হয়তো বৈপ্লবিক ও চমৎকার কিছু ঘটতে পারে, কে জানে? আজ রাতেই আমরা তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবশেষে অবসান ঘটবে। ইরানের মহান জনগণের ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকুক!’, যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস করার হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, মঙ্গলবার রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।
অবশ্য এর আগেও একাধিকবার সময়সীমা দিলেও পরবর্তীতে তা পরিবর্তন করেছেন ট্রাম্প।
এদিকে ইরানে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানো ‘যুদ্ধাপরাধ’ হতে পারে—এমন উদ্বেগ ট্রাম্প ও তার প্রশাসন প্রত্যাখ্যান করেছে।
তথ্যসূত্র: সিএনএন