হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে তেহরান।
ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস মঙ্গলবার (৭ এপ্রিল) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও পরোক্ষ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইরান।
তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও পরোক্ষ যোগাযোগের পথ বন্ধ করে দিয়েছে। যেকোনো ধরনের বার্তা আদান-প্রদানও এখন স্থগিত রয়েছে।’
প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই নাটকীয় পদক্ষেপ নিল ইরান।
এর আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজ রাত বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। আজ রাতে একটি পুরো সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে।’
তবে মার্কিন এক কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন, ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আলোচনা ইতিবাচক।
তিনি বলেন, ‘আমরা অবশ্যই ইরানের সঙ্গে যোগাযোগ রাখছি। আলোচনা ইতিবাচক হয়েছে। ভাগ্য ভালো হলে দিনের শেষ নাগাদ আমরা একটি সমাধানে পৌঁছাতে পারব।’
সিএনএন ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা রাখতে পাকিস্তান মধ্যস্থতা করছে।
পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র সিএনএনকে জানিয়েছে, দেশটির বেসামরিক ও সামরিক নেতৃত্ব যুদ্ধ বন্ধে বড় ধরনের অগ্রগতি অর্জনে কঠোর পরিশ্রম করছে।