যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলাকে চুক্তির ‘চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ‘এ ধরনের কর্মকাণ্ড স্পষ্টতই প্রতারণা এবং চুক্তি ভঙ্গের সংকেত দিচ্ছে, যা যেকোনো আলোচনাকে অর্থহীন করে তোলে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট এসব কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, ‘ইরানের আঙুল ট্রিগারেই থাকবে। আমার দেশ কখনোই তার লেবানিজ ভাই-বোনদের একা ফেলে যাবে না।’
ইরানের প্রেসিডেন্টের এই মন্তব্যের ঠিক একদিন আগে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননে ১০০টির বেশি বিমান হামলা চালানোর কথা জানায়।
ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, যেখানেই প্রয়োজন হবে, হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখবে ইসরায়েল।
এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফও এদিন ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য চড়া মূল্য চুকাতে হবে এবং এর কঠোর জবাব দেওয়া হবে।’
লেবানন যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ উল্লেখ করে গালিবাফ বলেন, ‘এখানে চুক্তি অস্বীকার বা পিছু হটার কোনো সুযোগ নেই। অবিলম্বে এই আগুন নেভান।’