বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন বর্তমানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শিগগিরই তিনি এই নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। শুক্রবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে, ২০২২ সালের আগস্টে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন প্রণয় ভার্মা। ঢাকায় আসার আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের অভিজ্ঞ কর্মকর্তা প্রণয় ভার্মা হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। ২০১৯ সালের জুলাই মাসে হ্যানয় দূতাবাসে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-এশিয়া বিভাগের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।
কূটনীতিক জীবনের পাশাপাশি তিনি ভারতের পরমাণু নীতি নির্ধারণেও বিশেষ ভূমিকা রেখেছেন। ২০১৭ সাল পর্যন্ত তিনি পরমাণু শক্তি বিভাগের যুগ্ম সচিব হিসেবে ভারতের পরমাণু কূটনীতি সংক্রান্ত বিষয়গুলো সামলেছেন।
যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী এই কর্মকর্তা ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে প্রখ্যাত শিল্পপ্রতিষ্ঠান টাটা স্টিলে তার কর্মজীবন শুরু করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষার ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
অন্যদিকে ঢাকায় প্রণয় ভার্মার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিহারের সদ্য সাবেক রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের নাম আলোচনায় এসেছে।