যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত একটি বিশাল জ্বালানি তেলবাহী জাহাজ মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করে ইরানের উপকূলে পৌঁছেছে। মুম্বাইয়ে ইরানের কনস্যুলেট জেনারেল বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
পোস্টে বলা হয়, ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম ওই জাহাজ কোনো ধরনের গোপনীয়তা ছাড়াই নিজের লোকেশন ট্র্যাকার সচল রেখে আন্তর্জাতিক জলসীমা পার হয়েছে।
ইরানের বন্দর থেকে ছেড়ে আসা বা সে অভিমুখে যাত্রা করা যেকোনো জাহাজের ওপর সম্প্রতি যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর এই ঘটনা ঘটল।
মার্কিন প্রশাসন জানিয়েছিল, ইরানকে শুল্ক দেওয়া প্রতিটি জাহাজকেই তারা মাঝপথে আটকে দেবে।
এদিকে ইরানের কনস্যুলেট জেনারেল তাদের জাহাজ মার্কিন অবরোধের মধ্যে হরমুজ প্রণালি পার হওয়ার তথ্য দিলেও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানি বন্দরগুলোর ওপর এই অবরোধ পুরোপুরি কার্যকর করা হয়েছে।
তাদের মতে, ইরানের অর্থনীতির প্রায় ৯০ শতাংশ সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। এই অবরোধ শুরু হওয়ার ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে মার্কিন বাহিনী সমুদ্রপথে ইরানের ভেতরে এবং বাইরে সব অর্থনৈতিক বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি