হরমুজ প্রণালিতে ইরানের নৌযান থেকে একটি তেলবাহী ট্যাংকারে গুলিবর্ষণের কয়েক ঘণ্টার মাথায় সেখানে আরেকটি ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, শনিবার (১৮ এপ্রিল) ওমান উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিলোমিটার) দূরে একটি কনটেইনার জাহাজ ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতের শিকার হয়েছে। এতে জাহাজটির বেশ কিছু কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এই ঘটনায় কে বা কারা জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি সংস্থাটি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আঘাতের ঘটনায় জাহাজটিতে কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে ইউকেএমটিও।
এই ঘটনার ঘণ্টাকয়েক আগে ইউকেএমটিও জানিয়েছিল, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌযান থেকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়া একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলি চালানো হয়।
ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলবে, শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার প্রতিক্রিয়ায় ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচলের ওপর পুনরায় বিধিনিষেধ আরোপ করে। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে এই দুটি ঘটনা ঘটল।