পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আগামী এক মাসের মধ্যে আবারও উন্মুক্ত করা হবে এবং মার্কিন নৌবাহিনী ওই অঞ্চল ত্যাগ করবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার খসড়া চুক্তিতে এমন প্রস্তাব রাখা হয়েছে বলে বুধবার (২৭ মে) জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এই খসড়া চুক্তি অনুযায়ী, বিশ্ব জ্বালানি তেলের ২০ শতাংশের বাণিজ্যপথ হিসেবে পরিচিত এই প্রণালি দিয়ে আগামী এক মাসের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে রাজি হয়েছে ইরান। বিনিময়ে হরমুজ প্রণালিতে দেওয়া নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে এই খসড়া চূড়ান্ত চুক্তিতে রূপ নিলে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে বাধ্যতামূলক আইনি স্বীকৃতি পেতে পারে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য বুধবার দুপুরে হোয়াইট হাউসে নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিছুদিন আগে এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছিল ইরান। সেই উত্তেজনার রেশ ধরে বিদায়ী গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এই বৈঠক করতে যাচ্ছেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।