যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মীকে দক্ষ কারিগরি ও বৃত্তিমূলক কাজের উপযোগী করে গড়ে তুলতে নতুন করে ৫ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছে গুগল।
প্রতিষ্ঠানটির দাতব্য শাখা গুগল ডট ওআরজির মাধ্যমে এই অর্থায়ন করা হবে।
এই তহবিলের আওতায় ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, পাইপফিটার, উৎপাদনমুখী কারখানার কর্মী, ফাইবার টেকনিশিয়ানসহ উচ্চ চাহিদাসম্পন্ন বিভিন্ন কারিগরি পেশার প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তা দেওয়া হবে।
নতুন এই উদ্যোগের ঘোষণা দিয়ে বৃহস্পতিবার (১১ জুন) গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই বলেন, দেশের ডিজিটাল অর্থনীতি কেবল প্রযুক্তির ওপর নির্ভর করে না, বরং সেই প্রযুক্তিকে সচল রাখার জন্য যারা ভৌত অবকাঠামো তৈরি ও রক্ষণাবেক্ষণ করেন, সেসব কর্মীদের ওপরও সমানভাবে নির্ভর করে।
এই পদক্ষেপের মাধ্যমে গুগল তাদের কর্মসংস্থান উন্নয়ন সংক্রান্ত বৈশ্বিক প্রচেষ্টাকে আরও প্রসারিত করল।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২০২২ সালের পর থেকে বিশ্বব্যাপী প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে গুগলের মোট বিনিয়োগ এরই মধ্যে ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
এদিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিচাই লিখেছেন, ‘আমেরিকার ডিজিটাল অর্থনীতি আমাদের ভৌত অবকাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। আর এটি সচল রাখেন আমাদের ইলেকট্রিশিয়ান, পাইপফিটার, ওয়েল্ডার ও উৎপাদন খাতের কর্মীরা।
‘আজ আমরা ৩ লাখ মার্কিন কর্মীকে এই উচ্চ চাহিদাসম্পন্ন কারিগরি পেশাগুলোর জন্য প্রস্তুত করতে গুগল ডট ওআরজির পক্ষ থেকে আরও একটি বড় প্রতিশ্রুতি দিলাম।’