যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, হরমুজ প্রণালি ছেড়ে যাওয়া ভারতীয় জাহাজগুলোর ওপর ড্রোন হামলা চালায় ইরান। এ হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ হিসেবেও অভিহিত করেন তিনি।
তবে ট্রাম্পের অভিযোগকে ‘স্রেফ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান।
চলতি সপ্তাহে ওমান উপকূলে ভারতীয় ক্রুবাহী তিনটি জাহাজ হামলার শিকার হয়। এর মধ্যে গত বুধবার একটি জাহাজে হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হন।
এর প্রতিবাদে ভারত নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের উপ-প্রধানকে তলব করার পর ইরানের ওপর দায় চাপান ট্রাম্প।
ভারতের দ্য হিন্দু জানিয়েছে, শুক্রবার (১২ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ‘হরমুজ প্রণালি ছেড়ে যাওয়ার সময় ভারতীয় জাহাজগুলোর ওপর তাদের (ইরানের) চালানো ড্রোন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে ভারতে ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানায়, ‘হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলার বিষয়ে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের আনা অভিযোগটি স্রেফ ভিত্তিহীন।
‘এটি একটি নির্মম সত্য থেকে জনগণের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা মাত্র। আর সত্যটি হলো, যুক্তরাষ্ট্র এক সপ্তাহেরও কম সময়ে ৩টি ভারতীয় জাহাজে হামলা চালিয়েছে এবং ৩ জন নিরীহ ভারতীয় নাবিককে হত্যা করেছে। এটি অত্যন্ত দুঃখজনক!’