হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক উত্তেজনা প্রমাণ করে, উভয় পক্ষের মধ্যকার সমঝোতা স্মারক ‘অত্যন্ত নাজুক এবং এটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে’। আশঙ্কাটি করেছেন ইতালির আমেরিকান ইউনিভার্সিটি অব রোমের অধ্যাপক আন্দ্রেয়া দেসি।
হরমুজ প্রণালির কাছে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রতিক্রিয়ায় তিনি এ আশঙ্কার কথা জানান।
আল জাজিরাকে আজ দেসি বলেন, ‘তবে এটি স্পষ্ট, ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষেরই স্বার্থ রয়েছে, যাতে এই পরিস্থিতি কোনোভাবেই সর্বাত্মক যুদ্ধে রূপ না নেয়।
‘দুই পক্ষের মধ্যে যখন সমঝোতার চেষ্টা চলছে, তখন এই উত্তেজনা একটি নতুন স্বাভাবিক রূপ নিতে যাচ্ছে; বিশেষ করে আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে।’
ভূ-রাজনৈতিক এই বিশ্লেষক বলেন, ‘হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা যে তাদের হাতেই রয়েছে, এটি জাহির করার পেছনে উভয় পক্ষেরই সুনির্দিষ্ট স্বার্থ রয়েছে।
‘ফলে এই পরিস্থিতি চরম উত্তেজনা এবং সম্ভাব্য সংঘর্ষের পটভূমি তৈরি করছে, যা যেকোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’