কাতারে জব্দ থাকা সম্পদের অর্ধেক দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের কোম শহরে গতকাল সোমবার দেশটির শীর্ষ আলেমদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট এই ঘোষণা দেন বলে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।
পেজেশকিয়ান বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী, কাতারে থাকা ইরানের মোট ১২ বিলিয়ন ডলার সম্পদের মধ্যে ৬ বিলিয়ন ডলার দেশে ফেরত আনা হবে। বাকি সম্পদ ফেরত পাওয়ার জন্যও প্রয়োজনীয় তৎপরতা ও আলোচনা চলছে।’
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সম্পদ ছাড়ের বিষয়ে গতকাল এক বিবৃতিতে মার্কিন এক কর্মকর্তা বলেন, ‘ইরানের যে সম্পদ ছাড় করা হবে, তা দিয়ে মূলত সে দেশের জনগণের খাদ্য সহায়তার জন্য মার্কিন কৃষিপণ্য কেনা হবে।
‘মানবিক উদ্দেশ্যে এই তহবিল ছাড়ের বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের কার্যকারিতা এবং সমঝোতা স্মারক বাস্তবায়নের ওপর নির্ভর করবে।’
চলতি মাসে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখ ছিল, চুক্তিটি বাস্তবায়িত হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে ইরানের জব্দ থাকা তহবিল ও সম্পদ অবমুক্ত করার ‘অঙ্গীকার করেছে’ ওয়াশিংটন।
ইরান দীর্ঘদিন ধরে শান্তি আলোচনায় বলে আসছে, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে অবশ্যই বিদেশি ব্যাংকে আটকে থাকা তাদের সম্পদ ফেরত দিতে হবে।