ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আনুষ্ঠানিক বিদায় পর্ব তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত এই সর্বোচ্চ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে জড়ো হওয়া লাখো শোকাতুর মানুষের সুবিধার্থে চত্বরে প্রবেশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রকাশিত ছবিতে দেখা গেছে, আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাত থেকেই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা চত্বরের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেন।
এক সপ্তাহব্যাপী এই বিদায় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আজ শনিবার থেকে সর্বসাধারণ শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। এজন্য গ্র্যান্ড মোসাল্লা চত্বরটি টানা ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, আজ সকালে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই লাখ লাখ শোকার্ত মানুষ গ্র্যান্ড মোসাল্লা চত্বরে প্রবেশ করতে শুরু করেন।
বিশাল এই চত্বরের মূল প্রাঙ্গণ এরই মধ্যে ইরানিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিদায় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ রাজধানীজুড়ে ব্যাপক ট্রাফিক বিধিনিষেধ আরোপ করেছে।
এএফপি আরও জানায়, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য মানুষকে কয়েক কিলোমিটার পথ হেঁটে যেতে দেখা গেছে।
এছাড়া অনুষ্ঠানস্থলে যাওয়ার জন্য তেহরানের মেট্রো স্টেশনগুলো খোলার অপেক্ষায় থাকা মানুষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।