গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় সেনা পাঠানোর বিষয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের ঘোষণার পর দেশ দুটিকে যেকোনো ধরনের সামরিক তৎপরতা থেকে বিরত থাকতে আবারও সতর্ক করেছে ইরান।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, দায়িত্বশীল শক্তি এবং এই প্রণালির নিরাপত্তা নিশ্চয়তাদানকারী হিসেবে ইরান এই জলপথে যেকোনো ধরনের সামরিক তৎপরতার বিরুদ্ধে সতর্কবার্তা দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ শনিবার দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন বলে জানিয়েছে আল জাজিরা।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষার দায়িত্ব কেবল এর উপকূলীয় দেশগুলোর।’
পোস্টটিতে গতকাল শুক্রবার হরমুজ প্রণালিতে সেনা পাঠানোর বিষয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের দেওয়া যৌথ ঘোষণার একটি স্ক্রিনশটও জুড়ে দেন গারিবাবাদি।
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং আন্তর্জাতিক আইন বজায় রাখতে পশ্চিমা দেশ দুটি তাদের প্রচেষ্টা জোরদার করেছে। এর অংশ হিসেবে গত এপ্রিলে আরও ৫১টি দেশকে সঙ্গে নিয়ে তারা একটি শীর্ষ সম্মেলনেরও আয়োজন করেছিল।
চলতি সপ্তাহের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর একটি বক্তব্যেরও কড়া জবাব দেয় ইরান।
তিনি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের জন্য ফ্রান্স, ওমানসহ অন্যান্য দেশ যৌথভাবে কাজ করবে।
জবাবে সেসময় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এই জলপথ থেকে মাইন অপসারণের কাজ এককভাবে কেবল ইরানই করবে।