যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হুমকি দিতে থাকলে চূড়ান্ত চুক্তির বিষয়ে কোনো আলোচনা ‘শুরু হবে না’।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ মঙ্গলবার দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে আল জাজিরা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে কোটি কোটি গর্বিত ইরানি সমবেত হচ্ছেন।
‘এই জনগণ কিংবা আমাদের বীর সশস্ত্র বাহিনী, কেউই কোনো ধরনের হুমকিতে বিচলিত নয়।’
এসময় মার্কিন প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘নিজেদের স্বাক্ষরের মর্যাদা রক্ষা করুন।’
একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিক্রিয়া দেখালেন।
ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, অন্যথায় ‘কাজ শেষ করে ছাড়বে’।
সেদিন ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এক ঘণ্টার মধ্যে তাদের (ইরানিদের) সব সেতু গুঁড়িয়ে দিতে পারি। আমরা তাদের জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিতে পারি। তাদের কাছে এখন কোনো অর্থ নেই। আমরা তাদের কোনো অর্থ দিইনি।’