ইরানের রাজধানী তেহরান থেকে পবিত্র শহর মাশহাদের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির দাবি, দুই শহরকে সংযুক্তকারী একটি রেলসেতুতে যুক্তরাষ্ট্রের হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে আইআরআইবি জানায়, ‘আজ ভোরে তেহরান-মাশহাদ রেলপথের একটি অংশে যুক্তরাষ্ট্রের হামলার পর যাত্রীবাহী ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।’
রেল চলাচল বন্ধ হওয়ায় আটকেপড়া যাত্রীরা ‘প্রাণের বিনিময়েও অপমান মেনে নেবে না ইরান’—এমন স্লোগান দিয়েছেন বলে দাবি করেছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি।
আইআরআইবির তথ্যমতে, ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতে প্রকৌশলীরা কাজ করছেন। একই সঙ্গে যাত্রীদের সড়কপথে মাশহাদে পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থাও করা হচ্ছে।
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে দেশজুড়ে হাজারও মানুষ মাশহাদের উদ্দেশে যাত্রা করছেন। এ সময়ই রেল যোগাযোগে এই বিঘ্ন ঘটল।
খামেনির দাফনকে আড়াল করতেই হামলা: আইআরজিসির
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, খামেনির দাফন অনুষ্ঠানকে আড়াল করতেই রেলপথে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে শুরু হওয়া রাষ্ট্রীয় শোকযাত্রা ধর্মীয় আচার পালনের পাশাপাশি ইসলামি প্রজাতন্ত্রের ধারাবাহিকতা ও স্থিতিশীলতার প্রদর্শন হিসেবেও বিবেচিত হচ্ছে। প্রায় চার দশক ইরান শাসন করা খামেনির মৃত্যুর পর এই শোকানুষ্ঠানগুলোর আয়োজন করা হয়।
এক সপ্তাহব্যাপী শোকযাত্রায় খামেনির মরদেহ ইরানের কোম এবং ইরাকের নাজাফ ও কারবালা ঘুরে শেষ পর্যন্ত মাশহাদে পৌঁছায়। মাশহাদে রয়েছে ইরানের সবচেয়ে পবিত্র শিয়া তীর্থস্থান।
চীন-রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ রেলপথেও হামলার দাবি
ইরানের বার্তা সংস্থা ফার্সের খবরে বলা হয়েছে, বুধবার রাতে উত্তরাঞ্চলের গুলেস্তান প্রদেশের আক তাকেহ খান রেলসেতুতেও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।
ওই রেলপথটি তেহরানের সঙ্গে চীন ও রাশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংযোগ হিসেবে ব্যবহৃত হয়। এটি তুর্কমেনিস্তান ও কাজাখস্তান হয়ে চীনের সঙ্গে স্থল যোগাযোগ স্থাপন করেছে।
ফার্সের দাবি, চলতি বছরে যুক্তরাষ্ট্র ইরানের উপসাগরীয় বন্দরগুলো অবরোধ করার পর এই রুটের কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে। এছাড়া ২০২৫ সালের শেষ দিক থেকে রাশিয়াও ইরানে পণ্য পরিবহনের জন্য এই রেলপথ ব্যবহার করছে। তবে ক্ষতিগ্রস্ত সেতুর মেরামত দ্রুত শেষ হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
নতুন করে হামলার আশঙ্কা
রাতভর মার্কিন হামলার পর বৃহস্পতিবার সকালে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর।
পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা বেষ্টনীর একটি অংশে যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এ ছাড়া বৃহস্পতিবার ইরানের বন্দর আব্বাসেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে মেহর।
উল্লেখ্য, এই প্রতিবেদনের তথ্যগুলোর বেশিরভাগই ইরানের রাষ্ট্রীয় ও আধা-রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।