বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হলেও শেষ মুহূর্তে পুরস্কার পেলেন না কবি মোহন রায়হান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক ফেসবুক পোস্টে কবি নিজেই এ কথা জানিয়েছেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ গত সোমবার ঘোষণা করা হয়। এতে কবিতায় মোহন রায়হান মনোনীত হওয়ার খবর বাংলা একাডেমি তাদের এক বিজ্ঞপ্তিতে জানায়।
পুরস্কার নিতে বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে যান মোহন রায়হান। তবে পুরস্কার বিতরণের সময় অনুষ্ঠান মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পুরস্কার না পেয়ে পরে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
মনোনয়ন দেওয়ার পরও কবি মোহন রায়হান কেন পুরস্কার পেলেন না, এ প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, তার বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখতে আপাতত পুরস্কার স্থগিত রাখা হয়েছে।
তিনি বলেন, আগের সরকারের আমলে বাংলা একাডেমি তাকে মনোনীত করেছিল। এখন অভিযোগগুলো খতিয়ে দেখে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।
কবির বিরুদ্ধে কী ধরনের অভিযোগ উঠেছে, তা জানাতে রাজি হননি মন্ত্রী।
এদিকে নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান দাবি করেন, পুরস্কারের জন্য তিনি কোনো তদবির করেননি।
তিনি জানান, আগের দিন পুরস্কার গ্রহণের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) অধীনে রিহার্সালও করেছিলেন তিনি।
পোস্টে মোহন রায়হান বলেন, “আপনারা অবগত আছেন, এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে। গতকাল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও প্রদান করে। যথারীতি আজ পুরস্কার গ্রহণের জন্য এসে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।”
এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ‘মোহন রায়হানের কবিতা ও লেখালেখি সম্পর্কে কিছু অভিযোগ ওঠায় কর্তৃপক্ষ সেই অভিযোগ খতিয়ে দেখার স্বার্থে সাময়িকভাবে পুরস্কার স্থগিত করেছে। এটা পরীক্ষা–নিরীক্ষা হয়ে গেলে আমরা অবিলম্বে তা জানাব।’