পারস্য উপসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর ক্রিস মারফি। তার মতে, ট্রাম্প প্রশাসন ‘ভুলের পর ভুল’ করে চলেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ পারস্য উপসাগরের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বুধবার (২৭ মে) মন্ত্রিসভার বৈঠকে ওমানকে হুমকি দেন ট্রাম্প। এর পরদিনই তার প্রশাসনের সমালোচনা করে এই মন্তব্য করলেন ডেমোক্র্যাট নেতা।
বৈঠকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ওমানকে ‘ভালো আচরণ’ করতে হবে। নইলে হরমুজ প্রণালি ঘিরে কোনো সমঝোতায় মাসকাট যদি ইরানের পক্ষ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ‘উড়িয়ে দেবে’।
ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে, এমনকি খোদ যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
ওমানকে দেওয়া ট্রাম্পের স্পষ্ট হুমকি প্রসঙ্গে বৃহস্পতিবার সিনেটর ক্রিস মারফি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এটি আরেকটি বড় প্রমাণ যে, এই যুদ্ধ কেন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কানেকটিকাটের এই সিনেটর লেখেন, ‘তারা (ট্রাম্প প্রশাসন) প্রতিনিয়ত চরম আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে এবং ভুলের পর ভুল করে চলেছে।’
ইরান যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে নিজের দল রিপাবলিকান ও বিরোধী দল ডেমোক্র্যাটিক—উভয় পক্ষের কাছ থেকে কড়া সমালোচনা শুনতে হচ্ছে ট্রাম্পকে।
ওমান ঐতিহ্যগতভাবে ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্র এবং মধ্যপ্রাচ্যের কূটনীতিতে প্রধান মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত হওয়ায় এই ক্ষোভ আরও বেশি দেখা দিয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা, মানি কন্ট্রোল