একজন সহ-লেখকের গোপন এআই ব্যবহার, আর তাতেই কয়েক বছরের গানের ক্যাটালগ বাতিল। সংগীত জগতে এখন ভয়, সন্দেহ আর আইনি অনিশ্চয়তার নতুন বাস্তবতা।
রাতের শেষে সাধারণত সিঙ্ক প্রডিউসারদের ইমেইলে আসে নতুন কাজের নির্দেশনা মন খারাপের দৃশ্যের জন্য ধীর পিয়ানো, ছোট শহরের বড়দিনের আবহ, কিংবা নারীর আত্মবিশ্বাস নিয়ে অনুপ্রেরণামূলক গান। কিন্তু কয়েক সপ্তাহ আগে মার্কিন মিউজিক প্রডিউসার জাস্টিন ব্লেইজ-এর ইনবক্সে যে মেইলটি আসে, সেটি ছিল সম্পূর্ণ ভিন্ন, সেখানে নতুন কোনো কাজ ছিল না। ছিল সম্পর্ক শেষ হওয়ার ঘোষণা।
বহু বছর ধরে যে সিঙ্ক এজেন্সির সঙ্গে তিনি কাজ করছিলেন, তারা তার পুরো গানের ক্যাটালগ সরিয়ে দিচ্ছে। অর্থাৎ, বছরের পর বছর ধরে তৈরি করা গানগুলো আর কোনো চলচ্চিত্র, সিরিজ বা টেলিভিশন প্রোমোতে পাঠানো হবে না। একটি ডিজিটাল সিদ্ধান্তেই কয়েক বছরের শ্রম হঠাৎ অদৃশ্য হয়ে গেল।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, অভিযোগটি সরাসরি জাস্টিনের বিরুদ্ধে ছিল না।
তার ভাষ্য অনুযায়ী, একজন সহ-লেখক গানের ডেমো তৈরির সময় এআই ব্যবহার করেছিলেন। হয়তো দ্রুত একটি ভোকাল ধারণা দাঁড় করাতে, কিংবা গানের আবহ বোঝাতে। সংগীত জগতে এমন ছোটখাটো শর্টকাট নতুন কিছু নয়। কিন্তু এবার সেই শর্টকাট ছিল এমন এক প্রযুক্তির মাধ্যমে, যাকে এখন পুরো ইন্ডাস্ট্রি সন্দেহের চোখে দেখছে।
ফলাফল এসেছিল খুব দ্রুত।
এজেন্সি শুধু একটি গান বাদ দেয়নি; তারা পুরো ক্যাটালগ নিয়েই প্রশ্ন তুলেছে। কারণ সিঙ্ক ইন্ডাস্ট্রিতে একটি গান শুধু গান নয়, এটি একটি আইনি নথিও। একটি গানে কে লিখেছে, কে গেয়েছে, কোন সাউন্ড কোথা থেকে এসেছে সবকিছুর হিসাব রাখতে হয়। কারণ একবার গানটি কোনো বড় সিরিজ, বিজ্ঞাপন বা সিনেমায় ব্যবহার হলে, তার সঙ্গে জড়িয়ে যায় বড় অঙ্কের অর্থ এবং কপিরাইটের দায়।
এই জায়গাতেই এআই এসে পুরো হিসাব বদলে দিয়েছে।
সংগীত প্রযুক্তি নিয়ে বিতর্ক নতুন নয়। একসময় অটোটিউনকে প্রতারণা বলা হয়েছিল। এমআইডিআই প্রযুক্তিকে অনেকে আসল মিউজিশিয়ানদের শত্রু ভাবতেন। ঘরে বসে কম্পিউটারে গান তৈরি করাকেও একসময় অনেকে গুরুত্ব দিতেন না। কিন্তু সময়ের সঙ্গে এসব প্রযুক্তি সংগীতের অংশ হয়ে গেছে।
এআই-এর ক্ষেত্রে ভয়টা একটু আলাদা।
কারণ এখানে যন্ত্র শুধু শব্দ তৈরি করছে না; অনেক ক্ষেত্রে এটি সৃষ্টির উৎসকেও অস্পষ্ট করে দিচ্ছে।
বিশেষ করে ‘সুনো’ বা এ ধরনের প্ল্যাটফর্মগুলোকে ঘিরে এখন বড় ধরনের আইনি বিতর্ক চলছে। এসব প্ল্যাটফর্ম কীভাবে গান তৈরি করে, কোন ডেটা ব্যবহার করে, তৈরি হওয়া গানের প্রকৃত মালিক কে—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো নেই।
ফলে বড় সিঙ্ক এজেন্সিগুলো এখন খুব সতর্ক হয়ে গেছে। একটি গান এআই-সহায়তায় তৈরি কি না, সেটি এখন শুধু নৈতিক প্রশ্ন নয়, কোটি টাকার আইনি ঝুঁকিরও বিষয়।
হলিউডের একটি বড়দিনের সিনেমায় হয়তো মাত্র দুই মিনিটের একটি গান বাজবে। দর্শক গানটির নামও মনে রাখবে না। কিন্তু সেই দুই মিনিটের পেছনে থাকে অসংখ্য চুক্তিপত্র, মালিকানা যাচাই এবং আইনি অনুমতি। ভবিষ্যতে যদি আদালতে প্রশ্ন ওঠে এই গানটি পুরোপুরি মানুষের তৈরি কি না? তাহলে পুরো প্রজেক্টই সমস্যায় পড়তে পারে।
এ কারণেই অনেক সিঙ্ক এজেন্সি এখন জিরো এআই পলিসি বা এআই সম্পূর্ণ নিষিদ্ধ নীতি অনুসরণ করছে। অনেক ব্রিফে স্পষ্ট লেখা থাকে—কোনো ধরনের এআই ব্যবহার করা যাবে না।
শুধু প্রতিষ্ঠানই নয়, সংগীতশিল্পীদের মধ্যেও এখন নতুন ধরনের ভয় তৈরি হয়েছে।
কেউ সহ-লেখকের প্রজেক্ট ফাইল পরীক্ষা করছেন। কেউ অডিও ফাইলের ভেতরের তথ্য বা মেটাডেটা দেখছেন। কেউ নতুন সহযোগীর সঙ্গে কাজ শুরু করার আগে আলাদা লিখিত ঘোষণা নিচ্ছেন। কয়েক বছর আগেও যেসব আলোচনায় টেম্পো, মেলোডি বা পাবলিশিং স্প্লিট গুরুত্বপূর্ণ ছিল, এখন সেখানে নতুন একটি প্রশ্ন ঢুকে পড়েছে—তুমি কি এআই ব্যবহার করো?
এখানেই বিষয়টি শুধু প্রযুক্তিগত থাকে না; হয়ে ওঠে মানবিক।
কারণ সংগীত ইন্ডাস্ট্রি বহুদিন ধরেই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। একজন গীতিকার ডেমো পাঠান, একজন প্রডিউসার সেটিকে বড় আকার দেন, একজন শিল্পী গান, আরেকজন মিক্স করেন। পুরো প্রক্রিয়াটাই অনেকটা পারস্পরিক আস্থার ওপর চলে।
এআই সেই আস্থার জায়গাটিকেই নড়বড়ে করে দিচ্ছে।
সবচেয়ে কঠিন বিষয় হলো, এই সন্দেহ একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। একজন সহ-লেখক হয়তো কৌতূহল থেকে একবার এআই দিয়ে একটি ডেমো ভোকাল তৈরি করলেন। কিন্তু তার সঙ্গে যুক্ত প্রতিটি শিল্পী, প্রডিউসার বা সহযোগী তখন ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন। অর্থাৎ, আমি করিনি বললেই সবসময় দায় এড়ানো যাচ্ছে না।
এই কারণেই জাস্টিন ব্লেজ এখন একটি এআই কনসেন্ট ওয়েভার চালু করেছেন। অর্থাৎ, তার সঙ্গে কাজ করা সবাইকে লিখিতভাবে জানাতে হবে প্রজেক্টে কোনো এআই ব্যবহার হয়েছে কি না।
শুনতে এটি কঠোর মনে হতে পারে, কিন্তু বর্তমান বাস্তবতায় অনেকের কাছেই এটি আত্মরক্ষার উপায়।
এদিকে বিভিন্ন এজেন্সি এখন এআই শনাক্ত করার সফটওয়্যারও ব্যবহার করছে। এসব সফটওয়্যার অডিও ফাইলের ভেতরের ডিজিটাল চিহ্ন, প্রসেসিং প্যাটার্ন এবং মেটাডেটা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে, কোনো অংশ এআই দিয়ে তৈরি কি না। যদিও এসব প্রযুক্তি কতটা নির্ভুল, তা নিয়ে এখনো বিতর্ক আছে।
তবুও বড় প্রতিষ্ঠানগুলোর অবস্থান পরিষ্কার—তারা কোনো ঝুঁকি নিতে চায় না। তবে পুরো বিতর্কের ভেতরে একটি অস্বস্তিকর প্রশ্নও আছে।
সংগীত ইন্ডাস্ট্রি নিজেই তো বহুদিন ধরে প্রযুক্তির সাহায্যে মানুষ আর যন্ত্রের সীমারেখা বদলে এসেছে। পিচ কারেকশন, স্যাম্পল রিপ্লেসমেন্ট কিংবা কোয়ান্টাইজেশন এসবও একসময় অস্বাভাবিক মনে হয়েছিল। তাহলে এআই-কে পুরোপুরি আলাদা করে দেখা হবে কেন?
সম্ভবত পার্থক্যটা মানসিক।
একজন শিল্পী সিনথেসাইজার ব্যবহার করলে শ্রোতা এখনো বিশ্বাস করে চূড়ান্ত সিদ্ধান্ত মানুষই নিয়েছে। কিন্তু এআই-এর ক্ষেত্রে অনেকের মনে হচ্ছে, সৃষ্টির কেন্দ্রেই যেন আরেকটি অদৃশ্য সত্তা ঢুকে পড়েছে।
এ কারণেই এখন সংগীত ইন্ডাস্ট্রিতে অরিজিনাল শব্দটির চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আরেকটি বিষয়—স্বচ্ছতা।
কে কী করেছে, কোন অংশ কোথা থেকে এসেছে, কোন শব্দের উৎস কী সবকিছুর পরিষ্কার হিসাব চাইছে ইন্ডাস্ট্রি।
হয়তো ভবিষ্যতের সংগীত জগতে সবচেয়ে মূল্যবান জিনিস শুধু প্রতিভা হবে না, বরং প্রমাণ করতে পারার ক্ষমতা এই গানটির পেছনে সত্যিই একজন মানুষ ছিল।