মাদারীপুর সদর মডেল থানা থেকে পালিয়ে যাওয়া এক নারী আসামিকে ঢাকার কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নারীর নাম হাসিনা বেগম (৩৫)। তিনি মাদারীপুর পৌরসভার থানতলী এলাকার হবি হাওলাদারের মেয়ে এবং সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল-আমিনের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদর মডেল থানার অধীন ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদুর রহমান হাসিনা বেগমকে আটক করেন। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
বর্তমানে মাদারীপুর সদর মডেল থানার মূল ভবন নির্মাণাধীন থাকায় অস্থায়ীভাবে ওসির সরকারি বাসভবনের নিচতলায় থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে কোনো হাজতখানা না থাকায় পুলিশি হেফাজতে বারান্দার একটি কক্ষে রাখা হয়েছিল ওই নারীকে। রাত দেড়টার দিকে সুযোগ বুঝে কক্ষের গ্রিল ভেঙে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি অফিসার রমজান আলী সজল এবং দায়িত্বপ্রাপ্ত এক কনস্টেবলকে শুক্রবার প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ঘটনার পর পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে মাদারীপুর সদর থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে শুক্রবার রাতে ঢাকার কেরাণীগঞ্জ এলাকার একটি বাসা থেকে হাসিনা বেগমকে পুনরায় গ্রেপ্তার করা হয়। পরে শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আসামিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনার তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’