বিচারের রায় কার্যকর করতে চায় বাংলাদেশ
সরকার বলছে, প্রত্যর্পণ করে বিচারের রায় কার্যকর করতে চায় বাংলাদেশ; সীমান্তে বাড়তি সতর্ক বিজিবি
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা দুই বছরের বেশি সময় পর দেশে ফেরার পরিকল্পনা করছেন। তাঁর মুখপাত্রের বরাতে মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার জন্য শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এদিকে তাঁকে দেশে ফিরিয়ে আনতে সরকারও প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে কোন উড়োজাহাজে তিনি ফিরবেন, সেটি সরকারের কাছে মুখ্য বিষয় নয় বলে জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশি একটি উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ বিমানের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে ভারতে আশ্রয় নেওয়ার পর তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছিল।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আমরা তাঁকে চাই। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে আসবেন, সেটা বড় কথা নয়। আমরা তাঁকে চাই। তাঁকে প্রত্যর্পণ করা হবে।’
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনা মৃত্যুদণ্ড পেয়েছেন। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে সরকার সেই দণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে। তিনি যে রাষ্ট্রে অবস্থান করছেন, সেই রাষ্ট্রের কাছে তাঁকে বাংলাদেশে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। হস্তান্তর করা হলে তিনি কীভাবে দেশে আসবেন, তা পরে নির্ধারণ করা হবে।
এর আগে গত রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তবে তাঁকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
জাতিসংঘের তথ্যমতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ওই অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।
সীমান্তে বাড়তি সতর্ক বিজিবি
এদিকে ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতা জোরদার ও অতিরিক্ত সদস্য মোতায়েন করছে কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর নিয়ে নানা আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁদের কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। তাঁদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে চায় সরকার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দেশে ফিরে আসা নিয়ে এক ধরনের ধারণা তৈরির চেষ্টা চলছে। এ কারণে কেউ কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। অভিযুক্ত আসামিদের অনুপ্রবেশের বিষয়টি যেন বিজিবির নজরে থাকে, সে জন্য বাড়তি সতর্কতা থাকতে পারে। তবে সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্বের অংশ।