শরীয়তপুরের গোসাইরহাটে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট ধস এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। এতে সড়কটির নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। যেকোনো সময় ফাটল ধরা অংশগুলোও ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় পাশের খাল থেকে মাটি কেটে এনে সড়কের কাজে ব্যবহার করা হয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি বর্তমানে যে অংশটি প্রায় ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, নির্মাণকাজ চলাকালীনও সেখানে একবার ধসের ঘটনা ঘটেছিল। তবে ঠিকাদার ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে।
স্থানীয় ও এলজিইডি সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।
সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। কিন্তু এর মাত্র সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশজুড়ে ধস দেখা দেয়। ধসে পড়া স্থানে পিচ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া আরও পাঁচটি স্থানে ছোট আকারের ধস এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ফাটল ধরা অংশগুলোও ধসে পড়তে পারে। এতে যান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্মাণকাজের শুরু থেকেই সড়কের বিভিন্ন স্থানে মাটি ভরাট ও স্থায়িত্ব নিয়ে আপত্তি জানানো হয়েছিল। বিশেষ করে পাশের খাল থেকে মাটি কেটে এনে সড়কের পাশে ব্যবহার করা হলেও খালের পাড় ও ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং করা হয়নি। ফলে মাটি সরে গিয়ে সড়কে ধস ও ফাটল দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘রাস্তা করার সময়ই এই জায়গায় ভাঙছিল। তখন তারা খালের পাশ থেকে ভেকু দিয়ে মাটি এনে এখানে দেন। আমরা বলেছিলাম, এই মাটি দিলে আবারও ভাঙবে। কিন্তু তারা আমাদের কথা শোনেননি। কোনো রকমে বালু ও খোয়ার কাজ করে পিচ ঢালাই দিয়ে চলে গেছেন। এখন আবার ভেঙেছে। প্রথমবার ভাঙার পর সঠিকভাবে কাজ করলে আজ এমন হতো না।’
আরেক বাসিন্দা মো. নিজাম ঢালী বলেন, ‘এক সপ্তাহও হয়নি, এর মধ্যে রাস্তা ভেঙে পড়েছে। রাস্তার পাশে পাইলিং দরকার ছিল, কিন্তু করা হয়নি। আবার রাস্তার পাশ থেকেই মাটি কেটে রাস্তায় দেওয়া হয়েছে। সাইডে মাটি না থাকলে রাস্তা থাকবে কীভাবে? আমরা চাই, রাস্তাটি সঠিকভাবে মেরামত করা হোক।’
অভিযোগের বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধসের ঘটনা ঘটেছে। যেহেতু কাজটি এখনো নির্মাণাধীন, তাই সমস্যার সমাধান করে দেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয়রা কী বলল না বলল, এটা কোনো বিষয় না; তারা কাজের কী বোঝে।’
এদিকে সড়কের ধস ও ফাটলের বিষয়ে জানতে চাইলে গোসাইরহাট উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপনে ধারণ করা বক্তব্যে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি কোনো বক্তব্য দিতে পারব না, আমার সমস্যা হবে। আর আপনাদের কোনো বক্তব্য নেওয়া লাগবে না, আপনারা জিয়া ভাইয়ের সঙ্গে কথা বলেন, তাহলেই হবে।’
সাত দিনের মাথায় সড়কের এমন বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত ধসে পড়া অংশ মেরামত, ফাটলপ্রবণ স্থানে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা এবং পুরো সড়কের নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ের দাবি জানিয়েছেন।