পর্দায় হাস্যরসাত্মক অভিনয় আর প্রাণবন্ত অভিব্যক্তিতে দর্শকদের আনন্দ দিয়ে আসা অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাসপাতালের মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর কারণ হিসেবে সনদে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।
পরিচালক মো. ইকবাল সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে। অভিনেতার মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে রাজাপুর গ্রামে তাঁর পারিবারিক বাড়িতে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ও দাফন সম্পন্ন হবে।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে ইউনিটের এক সদস্য তাঁকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে বিছানায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
অভিনয়ের টানে বগুড়ায় এসেছিলেন সোহেল খান। কয়েক দিন ধরে শুটিং সেটে সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটিয়েছেন। অথচ সেই শুটিং শেষ হওয়ার আগেই নিথর দেহে ফিরতে হচ্ছে তাঁকে। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কি!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)।
পর্দায় হাসির মানুষ হিসেবে পরিচিত সোহেল খান ব্যক্তি জীবনেও ছিলেন হাসিখুশি ও প্রাণবন্ত। তাঁর অভিনয়ের অভিব্যক্তি, সংলাপ ও সাবলীল উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। তাঁর আকস্মিক প্রয়াণে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।