দেশের বিভিন্ন জেলায় জনজীবন ও শিল্পকারখানায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। পরিস্থিতি শান্ত রাখতে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শনিবার (২১ নভেম্বর) বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে পরিস্থিতি শান্ত রয়েছে। গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলেও শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানার কার্যক্রম সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আনসার সদস্যদের মোতায়েন ও তৎপরতা অব্যাহত রয়েছে।
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জেলায় নিরাপত্তা মোতায়েন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আরও চার প্লাটুন মোতায়েনের প্রস্তুতি চলছে। সব মিলিয়ে মোতায়েনের সংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুনে। গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন যুক্ত হওয়ায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা উপস্থিতি আরও বাড়ানো হয়েছে।
গোপালগঞ্জে জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্টে নিরাপত্তা দিচ্ছেন আনসার সদস্যরা। ফরিদপুরে রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড, শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকায় তাদের মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাকসহ শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে টহল ও নজরদারি চালাচ্ছেন আনসার সদস্যরা। কারখানাগুলোতে শ্রমিকদের কাজে যোগদান ও উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকলেও কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার সদস্যদের উপস্থিতিতে কয়েকটি এলাকায় শ্রমিকদের কাজে ফেরা, যান চলাচল ও জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়েছে।
সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি ও নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা করছেন। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পকারখানার কার্যক্রম সচল রাখা এবং নির্বিঘ্ন জনচলাচল বজায় রাখতে বিভিন্ন এলাকায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের মোতায়েন ও তৎপরতা অব্যাহত রয়েছে।