জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাড়তে থাকা স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় দুর্যোগপ্রবণ এলাকায় স্বাস্থ্যসেবা জোরদার, আগাম সতর্কতা ব্যবস্থা কার্যকর এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, জলবায়ু দুর্যোগকে শুধু পরিবেশগত সংকট হিসেবে দেখার সুযোগ নেই; এটি জনস্বাস্থ্য, মানসিক সুস্থতা, পুষ্টি ও প্রজননস্বাস্থ্যের ওপর বহুমাত্রিক প্রভাব ফেলছে। এসব ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের সমন্বয় জরুরি।
রোববার ঢাকায় অনুষ্ঠিত ‘ক্লাইমেট হেলথ লার্নিং অ্যান্ড এভিডেন্স শেয়ারিং ওয়ার্কশপে’ এসব বিষয় উঠে আসে। অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার (এসিএফ), উত্তরণ ও ফাউন্ডেশন এস—দ্য সানোফি কালেক্টিভ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, বন্যা, জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো জলবায়ুজনিত দুর্যোগে মানুষের স্বাস্থ্যঝুঁকি, দুর্যোগের আগাম পূর্বাভাস, স্বাস্থ্যসেবার প্রস্তুতি এবং কমিউনিটি পর্যায়ে সহনশীলতা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুর্যোগের আগে থেকেই স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সময়মতো তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে ঘূর্ণিঝড় রেমালের পর সাতক্ষীরার উপকূলীয় ১১টি ইউনিয়নের ৪০০ পরিবারের ওপর পরিচালিত স্বাস্থ্য মূল্যায়নের ফলাফল তুলে ধরা হয়। এতে দেখা যায়, ৯৩ শতাংশ পরিবারে অন্তত একজন সদস্য চর্মরোগে আক্রান্ত। ডায়রিয়ায় আক্রান্ত পরিবারের হার ৮২ শতাংশ, শ্বাসতন্ত্রের সমস্যায় ৬৯ শতাংশ এবং পুষ্টিজনিত সমস্যায় ৫৯ শতাংশ। এছাড়া ৯৭ দশমিক ৫ শতাংশ মানুষের মানসিক সুস্থতা খারাপ অবস্থায় রয়েছে বলে মূল্যায়নে উঠে আসে।
দুর্যোগের প্রভাবে নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, শিশুদের আচরণগত পরিবর্তন এবং মানসিক চাপের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্নতা, ব্যক্তিগত গোপনীয়তা এবং নারী ও কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আগাম স্বাস্থ্য কার্যক্রম, দুর্যোগ পূর্বাভাসের সঙ্গে স্বাস্থ্যঝুঁকির তথ্য সমন্বয় এবং পরিবার ও স্থানীয় পর্যায়ে প্রস্তুতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে জলবায়ু ও স্বাস্থ্য বিষয়ক অগ্রাধিকারগুলো সরকারি নীতি, কর্মসূচি এবং স্থানীয় পর্যায়ের কার্যক্রমে অন্তর্ভুক্ত করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।