সাভারের ঐতিহ্যবাহী বিরুলিয়ার জমিদারবাড়িতে ‘আর্ট ফর পিস’ স্লোগানে এক দিনের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফেসবুকভিত্তিক শিল্পী সংগঠন হোয়াইট পেপারের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সী চিত্রশিল্পীরা অংশ নেন।
আয়োজকরা জানান, শিল্পচর্চার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সৃজনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তরুণ চিত্রশিল্পী সোনিয়া বিনতে হাসানের উদ্যোগে অনুষ্ঠিত এ ক্যাম্পে শিক্ষক, শিল্পী, শিল্পপ্রেমী ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা বীরেন সৌম। তিনি অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিল্পচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীরা প্রকৃতি, ইতিহাস, গ্রামীণ জীবন, সংস্কৃতি ও সমসাময়িক নানা বিষয়কে উপজীব্য করে সরাসরি ক্যানভাসে শিল্পকর্ম নির্মাণ করেন। অংশগ্রহণকারীদের ভাষ্য, শিল্প কেবল রঙের প্রকাশ নয়, এটি মানুষের মুক্ত সত্তার বহিঃপ্রকাশ। হোয়াইট পেপার সেই মুক্ত সৃজনশীলতার একটি প্ল্যাটফর্ম, যেখানে নবীন ও প্রবীণ শিল্পীরা একসঙ্গে শিল্পচর্চার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন।
দিনব্যাপী এ আয়োজন শিল্পী ও শিল্পপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।