শিক্ষার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে দিনব্যাপী চাকরি মেলা
শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্র তৈরি করতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’। বুধবার দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ, প্রাথমিক সাক্ষাৎকার এবং সরাসরি মতবিনিময় করেন।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আনিছুর রহমান। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ চাকরি মেলার আয়োজন করে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল পুঁজিবাজার খাতের লংকাবাংলা সিকিউরিটিজ, জীবনবিমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, উৎপাদন ও প্যাকেজিং খাতের কালিয়ার রেপ্লিকা লিমিটেড, বিনোদন খাতের স্টার সিনেপ্লেক্স, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, সম্ভব জবস, আবুল খায়ের গ্রুপ এবং ক্যারিয়ার প্রো বিডি।
দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। বিশেষ করে শেষ বর্ষের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত। চাকরিপ্রত্যাশীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি নিয়োগপ্রক্রিয়া, চাকরির সুযোগ এবং কর্মক্ষেত্রের প্রত্যাশা সম্পর্কে ধারণা লাভের সুযোগ পান।
শিক্ষাজীবন থেকে কর্মজীবনে উত্তরণের পথ সুগম করা এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর কার্যকর সংযোগ গড়ে তোলার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স সারা বছর ক্যারিয়ার কাউন্সেলিং, জীবনবৃত্তান্ত (সিভি) তৈরির কর্মশালা এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনে নানা কার্যক্রম পরিচালনা করে থাকে।
আয়োজকদের মতে, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা সম্পন্ন করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তাদের কর্মজীবনে প্রবেশের জন্য প্রস্তুত করাও এর অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। ‘জব ফেয়ার ২০২৬’-এর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ, শ্রমবাজারের চাহিদা সম্পর্কে ধারণা অর্জন এবং আত্মবিশ্বাসের সঙ্গে পেশাজীবন শুরু করার সুযোগ পেয়েছেন।