ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর নাম মুনিরা মাহজাবিন মিমো। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। রোববার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডা এলাকায় তাদের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুর রহমান লিয়ন নাগরিক প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আশিকুর রহমান লিয়ন বলেন, ‘আমরা সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেসময় শুনি, মিমো সবসময় দরজা খুলে ঘুমান, কিন্তু গতকাল দরজা লাগিয়ে ঘুমিয়েছিলেন। সকালে অনেক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে রুমে ঢোকেন পরিবারের সদস্যরা। এরপরই তার মরদেহ পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘‘তার একটা ডায়েরি পাওয়া গেছে। সেখানে চিরকুটের মতো লেখা ছিল, ‘হানি ও সুদীপ স্যার ভালো থেকো।’ হানি মিমোর সহপাঠী এবং সুদীপ স্যার আমাদের সহকর্মী। তবে এটি কবেকার লেখা তা নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে হানি ও সুদীপ স্যার পুলিশ হেফাজতে রয়েছেন। এ ছাড়া মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’’
এদিকে ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা এক শোকবার্তায় বলেন, ‘আমাদের বিভাগের এমএ দ্বিতীয় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী মুনিরা মাহজাবিন অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের সবাইকে শোকেস্তব্ধ করে দিয়ে চলে গেছেন। অনেক উৎফুল্ল আর বলিষ্ঠ স্বভাবের মাহজাবিন এমন সিদ্ধান্ত নিবে, আমরা কেউ বিশ্বাস করতে পারছি না। এমন মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। বিভাগের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোকে আচ্ছন্ন। আমরা চাই, সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এই ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।’