সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গত শুক্রবার (১২ জুন) দুবাই পুলিশ তাকে গ্রেপ্তারের বিষয়ে ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বেনজীরের গ্রেপ্তারের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী পরীমনিও।
পরীমনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে দিয়েছেন রহস্যময় ক্যাপশন। পরীমনি লিখেছেন, ‘মজা।’ পরীমনির এই পোস্টের পর অনেকে নানা ধরণের মন্তব্য করছেন। সবার মনেই প্রশ্ন কেন পরীমনি এমন পোস্ট দিলেন?
ধারণা করা হচ্ছে বোটক্লাব সম্পৃক্ত মামলায় বেনজীর আহমেদের যোগ রয়েছে। সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে প্রায় এক দশক অবৈধভাবে ক্লাবের সভাপতির পদ দখল করে ৩২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে। এমনকি পরীমনির নামে মামলা ও তার কারাবাসের পেছনেও তার হাত রয়েছে বলে অনেকে মনে করেন।