বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগকে বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছে সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির দাবি, ঋণ আদায়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং বন্ধকি সম্পত্তি নির্ধারিত বাজারমূল্যের চেয়েও বেশি দামে বিক্রি করা হয়েছে।
সিটি ব্যাংকের হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা এক প্রতিবাদ ও ব্যাখ্যায় জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রচারিত হয়েছে। এতে প্রকৃত তথ্য উপেক্ষা করে ব্যাংকের আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
ব্যাংকের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট গ্রাহকপ্রতিষ্ঠানগুলো ২০১৬ সাল থেকে সিটি ব্যাংকের ঋণসুবিধা গ্রহণ করে। এসব ঋণের মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে ঋণ অনিয়মিত হয়ে পড়লে গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। তবে ঋণ পরিশোধ না করায় ২০২৪ সালে আবারও খেলাপি হয়।
এ অবস্থায় গ্রাহককে একাধিক আইনি নোটিশ পাঠানো এবং ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। এমনকি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন করেননি বলে দাবি ব্যাংকটির।
পরবর্তী সময়ে অর্থঋণ আদালত আইন ও ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসরণ করে বন্ধকি সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তির বাজারমূল্য ২২ কোটি ৮৫ লাখ টাকা এবং তাৎক্ষণিক বিক্রয়মূল্য ১৬ কোটি ৬৬ লাখ টাকা নির্ধারণ করা হয়।
তবে শেষ পর্যন্ত সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি হয়েছে, যা নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি। এ কারণে কম দামে সম্পত্তি বিক্রির অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে সিটি ব্যাংক।
প্রতিবাদে ব্যাংকটি আরও বলেছে, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকের প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে তাঁর ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপন করা নিন্দনীয়। এ ধরনের সংবাদ তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনামের পাশাপাশি ব্যাংকের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে।
এ ছাড়া একটি বিদেশি ব্যাংকের আমন্ত্রণে আন্তর্জাতিক অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে তাঁর পূর্বনির্ধারিত ও অনুমোদিত বিদেশ সফরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশেরও প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি।
সিটি ব্যাংক জানিয়েছে, যেকোনো আইনানুগ অনুসন্ধানে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তবে তদন্ত কর্মকর্তা নিয়োগের মাধ্যমে অনুসন্ধান শুরু হওয়া এবং অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ব্যাংকটি।