শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অসুস্থ এক কর্মচারীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. সামিউল ইসলাম আকাশ। ঈদুল আজহাকে সামনে রেখে মানবিক এ উদ্যোগ ক্যাম্পাসে প্রশংসিত হয়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইদ্রিস মৃধা (৫৫) দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। তিনি বরিশাল জেলার উজিরপুর থানার বাসিন্দা। অসুস্থতার কারণে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে শেকৃবির ছাত্রদল নেতা সামিউল ইসলাম আকাশ তার বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে বন্ধু-বান্ধবদের সহযোগিতায় অসুস্থ ওই পরিবারের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে রনি খান, মোস্তাকিম আনান নিরব, জাহিদুল ইসলাম ও রাতুল হাসান উপস্থিত ছিলেন। সামিউল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা কাজ করে যাব।’
তিনি আরও বলেন, ‘রাজনীতি মানেই মানুষের কল্যাণ করা। সম্মিলিত প্রচেষ্টায় অনেক বড় ও ভালো কাজ করা সম্ভব।’
এদিকে ছাত্রদল নেতার এ মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন অসুস্থ কর্মচারী ও তার পরিবারের সদস্যরা। সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরাও একজন ছাত্রনেতার এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, ছাত্রনেতারা পড়াশোনার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবেন।