বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিঙ্গাপুরভিত্তিক বিশ্বখ্যাত কফি ব্র্যান্ড ম্যাককফি (MacCoffee)। এসিআই ফুডস লিমিটেডের কৌশলগত ইউনিট এসিআই বেভারেজেস এবং ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন. বিএইচডির (Empire International Sdn. Bhd.) কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে ব্র্যান্ডটির কার্যক্রম শুরু হয়েছে। এ অংশীদারত্বে সহযোগিতা করেছে মিতসুই অ্যান্ড কোম্পানি (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বনশ্রী ডি ব্লকের স্বপ্নের একটি ফ্ল্যাগশিপ আউটলেটে আনুষ্ঠানিকভাবে ম্যাককফির বাংলাদেশে যাত্রা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের বাজারে MacCoffee Original এবং MacCoffee Gold এই দুটি পণ্যের জার বাজারজাত করা হবে। ভবিষ্যতে বাংলাদেশে ম্যাককফির পণ্য স্থানীয়ভাবে প্যাকেজিং এবং নতুন নতুন পণ্য বাজারে আনার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
এসিআই বেভারেজেস জানিয়েছে, সানকুইক ফ্রুট কনসেনট্রেট ও ফ্রুট ড্রিংকসের বিতরণের মাধ্যমে পানীয় খাতে তাদের যাত্রা শুরু হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস বাজারে আনে। এবার দেশের ক্রমবর্ধমান হট বেভারেজ বা গরম পানীয়ের বাজারের সম্ভাবনাকে সামনে রেখে ম্যাককফির সঙ্গে অংশীদারত্ব করেছে এসিআই বেভারেজেস।
ম্যাককফি বিশ্বের ৬০টিরও বেশি দেশে জনপ্রিয় একটি কফি ব্র্যান্ড। ব্র্যান্ডটির মালিক প্রতিষ্ঠান ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেড সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক খাদ্য ও পানীয় উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে এসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম এবং এসিআই ফুড অ্যান্ড বেভারেজের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই। এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন. বিএইচডির পরিচালক প্রদীপ চৌহান এবং জেনারেল ম্যানেজার তান বুন হুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া মিতসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামতো অনুষ্ঠানে অংশ নেন।
ফুড এম্পায়ার হোল্ডিংসের তথ্যমতে, প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী ১০টি উৎপাদন কারখানা এবং ২৩টি কার্যালয় রয়েছে। কফি ছাড়াও প্রতিষ্ঠানটি চা, হট চকোলেট ও বিভিন্ন ধরনের স্ন্যাকস বাজারজাত করে। ম্যাককফি ব্র্যান্ডটি বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে বাজারজাত হচ্ছে।
অন্যদিকে, মিতসুই অ্যান্ড কোম্পানি ১৯৫৮ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি বাণিজ্য, অবকাঠামো ও ব্যবসা উন্নয়নের পাশাপাশি ধাতু, রাসায়নিক, খাদ্য ও কৃষি, জ্বালানি এবং অবকাঠামোসহ বিভিন্ন খাতে কাজ করছে।
বাংলাদেশের বাজারে এসিআইয়ের সঙ্গে মিতসুইয়ের অংশীদারত্বও সাম্প্রতিক সময়ে বিস্তৃত হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে মিতসুই এসিআই মোটরস লিমিটেডে বিনিয়োগ করে। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এসিআই গ্রুপের প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের জন্য কনভার্টিবল ঋণ দেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এসিআই লজিস্টিকস শ্বপ্নো ব্র্যান্ডের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ গ্রোসারি রিটেইল নেটওয়ার্ক পরিচালনা করছে।