ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয় ২০২৬’ শীর্ষক এক স্মরণীয় ও প্রেরণাদায়ক অনুষ্ঠান।
অনুষ্ঠানে জুলাইয়ের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ শ্রাবণ-এর আত্মত্যাগও শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
আয়োজনে অংশ নেওয়া জুলাই যোদ্ধারা তাদের সংগ্রামের অভিজ্ঞতা, ত্যাগের ইতিহাস এবং বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তাদের বক্তব্যে তরুণ সমাজের দায়িত্ব, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দেশপ্রেমের চেতনা বিশেষভাবে গুরুত্ব পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, সংসদ সদস্য সানজিদা ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জুলাই স্মরণে আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এসব আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ, গণআন্দোলন ও জাতীয় ইতিহাসের প্রতি নতুন করে আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাভয়েড রাফা-এর মনোমুগ্ধকর পরিবেশনা, যা পুরো আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে এবং তরুণদের উচ্ছ্বাসে মুখর করে তোলে ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, স্মরণ, প্রেরণা ও প্রত্যয়ের সমন্বয়ে অনুষ্ঠিত ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয় ২০২৬’ শুধু একটি অনুষ্ঠানই নয়, বরং নতুন প্রজন্মের কাছে ইতিহাসের সাহসী অধ্যায়কে তুলে ধরার এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।