পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ ও কর্মজীবীরা। ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে পরিবার-পরিজন নিয়ে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা। সোমবার (২৩ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, বাস এবং লঞ্চ টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। আবার অনেককে আজ ছুটি কাটাতে ঢাকা ছাড়তেও দেখা গেছে।
এর আগে লম্বা ছুটি পেয়ে গত ১৭ মার্চ থেকে ফাঁকা হতে থাকে রাজধানী। পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপনে একে একে নাড়ির টানে গ্রামে ছুটে যান হাজারো মানুষ। বাস-ট্রেন-লঞ্চ সবখানেই ঘরমুখো যাত্রীদের চিরচেনা ভিড় দেখা যায়।
আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস। তাই আগেভাগেই আজ (সোমবার) পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরতে দেখা গেছে অনেককে। আগেভাগেই ঢাকায় ফেরায় যাত্রীদের অতিরিক্ত চাপ না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন তারা।
যাত্রীরা বলেন, যানজট ও দুর্ঘটনা এড়াতে একটু আগেই ঢাকা ফিরেছেন। তবে সকাল থেকে বেশিরভাগ ট্রেনই নির্দিষ্ট সময়ের বেশ দেরিতে ছাড়ছে বলেও অভিযোগ তাদের।
সদরঘাট লঞ্চ টার্মিনালে সোমবার ভোর থেকেই দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোর ভিড় বাড়তে থাকে। যাত্রীরা জানান, এবারের লম্বা ছুটিতে স্বজনদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পেরে খুশি তারা।
এদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড়ও দেখা গেছে। পরিবারের সঙ্গে ঈদ করতে না পারলেও ঈদের পর কিছু সময় কাটাতে কিংবা ছুটি পেয়ে নির্বিঘ্নে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে সড়কপথের ভোগান্তি এড়িয়ে রেলপথ বেছে নিয়েছেন অনেকেই।