জাতীয় সংসদ ভবনের মসজিদে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সোমবার (৩০ মার্চ) রাতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি জানান।
ফেসবুক পোস্টে এমপি হানজালা লিখেছেন, সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটি মজার ঘটনার মুখোমুখি হন তিনি। নামাজ শেষে দেখেন, তার জুতাটি আর নেই, বরং অন্য একটি জুতা সেখানে রাখা রয়েছে। ধারণা করছেন, কেউ ভুল করে তার জুতা নিয়ে গেছেন এবং তার জুতাটি অন্য কারও পায়ে চলে গেছে।
তিনি আরও লিখেছেন, ‘এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটি। যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। আর যদি এই পোস্টটি আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটি ফিরিয়ে দিলে খুশি হবো। আপনার জুতাটি আগের জায়গায় রাখা আছে।’
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের সৃষ্টি করেছে। এর আগে জাতীয় সংসদ মসজিদে অজু করতে গিয়ে পানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। রোববার দুপুর দেড়টার দিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজ ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট লিখেছেন, ‘সংসদ মসজিদে অজু করতে গিয়ে দেখি পানি নেই। এখন বুঝতে পারছি–আমার ধৈর্যই পরীক্ষা নেওয়া হচ্ছে! ধৈর্য দাও খোদা!’
তবে এই ঘটনা কবে ঘটেছিল সেটি পোস্টে উল্লেখ করেননি ব্যারিস্টার আরমান।