রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে রাসেল (৩১) নামের এক যুবদল সদস্য আহত হয়েছেন। কোতয়ালী থানাধীন নয়াবাজার পার্ক এলাকায় শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালে রাসলের বন্ধু রিপন দাস জানান, রাসেল কোতয়ালী থানা যুবদলের সদস্য। রাসেলের বাবার নাম মোহাম্মদ আলী। তিনি শ্যামপুর আরসিং গেট এলাকায় থাকেন।
তিনি আরও জানান, রাতে নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তরা তার বুকের বাম পাশে গুলি করে পালিয়ে যায়। জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
অন্যদিকে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন। তবে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন।