লক্ষ্মীপুরে পূর্ণিমা আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগে স্বামী রিয়াজুল ইসলাম রাজুকে (৩৫) আটক করেছে র্যাব। শনিবার (৩০ মে) সকালে র্যাব-১১ এর নোয়াখালী কোম্পানি কমান্ডার মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৯ মে) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় দশ বছর আগে লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের রিয়াজুল ইসলাম রাজুর সঙ্গে পূর্ণিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঈদের দিন তাদের মধ্যে আবার কথা কাটাকাটি হয়। এসময় পূর্ণিমা আক্তারকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান রাজু।
পরে আশপাশের লোকজন পূর্ণিমাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন।
এ ঘটনায় পূর্ণিমা আক্তারের মা পাখি বেগম বাদী হয়ে মো. রাজুকে প্রধান আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছেন।
র্যাব কর্মকর্তা মুহিত কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।