রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মামুন ফরাজি (৩৩) নামের একজন সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। ফার্মগেট এলাকার দ্য ডেইলি স্টার ভবনের পার্শ্ববর্তী পূর্ব তেজতুরী বাজার ব্রিজের নিচে বুধবার (৮ এপ্রিল) দুপুর বেলা ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাজী ফয়সাল জানান, দুপুরে উল্লেখিত ঘটনাস্থল দিয়ে তিনি যখন যাচ্ছিলেন তখন সেখানকার পথচারীরা নিহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে একটি রিকশায় ওঠাচ্ছিলেন। সেখান থেকে তিনি দায়িত্ব নিয়ে মৃত ব্যক্তিকে দুপুর একটা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তিনি একজন সিএনজিচালিত অটোরিকশার চালক বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাব্বাইক নামের একটি বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষে তিনি মারা গেছেন।
বর্তমানে নিহতের দেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।