২০০ মিটারে এখনও অটুট এক সাম্রাজ্য, উসাইন বোল্টের ১৯.১৯ সেকেন্ডের বিশ্বরেকর্ড। ২০০৯ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে গড়া সেই রেকর্ড ছুঁতে পারেননি কেউ। তবে এবার বয়সভিত্তিক পারফরম্যান্সে নতুন এক নাম আলোচনায়; অস্ট্রেলিয়ার তরুণ স্প্রিন্টার গাউট গাউট।
দক্ষিণ সুদান বংশোদ্ভূত এই তরুণ অস্ট্রেলিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ে সময় নিয়েছেন মাত্র ১৯.৬৭ সেকেন্ড। এটি এখন অস্ট্রেলিয়ার নতুন জাতীয় রেকর্ড। শুধু তাই নয়, অনূর্ধ্ব-২০ বিভাগে এটি ইতিহাসের দ্বিতীয় সেরা টাইমিং। তুলনায় একই বয়সে উসাইন বোল্টের সেরা সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড, সেই হিসেবে গাউট অনেকটাই এগিয়ে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, ২০ বা তার কম বয়সীদের মধ্যে সবচেয়ে দ্রুততম সময় ১৯.৪৯ সেকেন্ড, যা যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটন ২০২২ সালে গড়েছিলেন। সেই তালিকায় এখন শক্তভাবেই নিজের জায়গা করে নিয়েছেন গাউট।
কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া এই স্প্রিন্টার আগেও ১৯.৮৪ সেকেন্ডে দৌড়েছিলেন, তবে সেটি বাতাসের সহায়তায় হওয়ায় বৈধ হিসেবে ধরা হয়নি। এবার সম্পূর্ণ বৈধ দৌড়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি, যা তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে আরও বেশি।
গাউট বলেন, ‘এ রকম টাইমিং করার মতো গতি ও শারীরিক সক্ষমতা আমার আছে। এটি জানতে পেরে আমার কাঁধ থেকে যেন বড় একটি বোঝা নেমে গেল। তাই এটি অবশ্যই দুর্দান্ত এক অনুভূতি, আমি আরও ভালো কিছুর জন্য প্রস্তুত।’
তার এই পারফরম্যান্সে বিস্মিত কোচ ডি শেফার্ডও। তিনি বলেন, ‘আমি এতটা আশা করিনি। আমি আশা করেছিলেন ২০ সেকেন্ডের নিচে হবে। কিন্তু এতটা কম সময়ে হবে, ভাবতে পারিনি।’
একই প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া অ্যাইডেন মারফিও নজর কেড়েছেন। ১৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে তিনিও দৌড় শেষ করেন, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়গুলোর একটি।