পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২২ সদস্যের ২০২৬ সালের কাফেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মনোনীত সদস্যদের হাতে ভিসা, বিমান টিকিট ও বিশেষ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি তিনজন কর্মকর্তা ও ১৯ জন সদস্যসহ মোট ২২ জনের হাতে এসব সামগ্রী তুলে দেন। পরে তাদের নিরাপদ যাত্রা ও পবিত্র ওমরাহ পালন উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য তারুণ্যই উপযুক্ত সময়। জীবনের শুরুতেই ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। সব ধরনের সংস্কারের মূল ভিত্তি মানসিকতার পরিবর্তন। তাই ইতিবাচক মানসিকতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল, জনসম্পৃক্ত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। পবিত্র ওমরাহ থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ যেন সদস্যদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিফলিত হয়।
ওমরাহ যাত্রীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, সফরকালে যথাযথ মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। পারস্পরিক সহযোগিতা, দলীয় শৃঙ্খলা ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার পাশাপাশি বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ সহযাত্রীদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। সফরসংশ্লিষ্ট নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সতর্কতার সঙ্গে ওমরাহ সম্পন্ন করারও পরামর্শ দেন তিনি।
এ সময় পবিত্র ভূমিতে দেশ, জাতি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করার জন্য কাফেলার সদস্যদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।