হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত অংশীদারত্ব
দেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতে সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে হাল ফ্যাশন ও বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড।
গত ২৬ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, রিয়ালিটি শো, পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কনটেন্ট ও ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন সৃজনশীল উদ্যোগে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
এই সহযোগিতার মাধ্যমে দেশজুড়ে কার্যক্রম ও কনটেন্টের পরিসর বাড়ানোর পাশাপাশি বৃহত্তর দর্শক-শ্রোতার সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে চায় দুই প্রতিষ্ঠান। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী, জলবায়ু এবং গাছপালা পরিচর্যার মতো বিষয়ও থাকবে এই উদ্যোগের আওতায়। সমসাময়িক জীবনধারা ও মানুষের পরিবর্তিত রুচি-আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্যবহুল, আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কনটেন্ট তৈরিতে গুরুত্ব দেবে প্রতিষ্ঠান দুটি।
চুক্তি অনুযায়ী, সৃজনশীলতার বিকাশ ও নতুন প্রতিভা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করতে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে সহযোগিতার সুযোগও খতিয়ে দেখা হবে। এ ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি, অর্থবহ আলোচনা উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মের সৃজনশীল অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
চুক্তিতে এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান স্বাক্ষর করেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাঁরা যৌথ লক্ষ্য, কৌশলগত পরিকল্পনা ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই অংশীদারত্ব বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করবে। সৃজনশীল যোগাযোগ, আকর্ষণীয় কনটেন্ট এবং বড় পরিসরের আয়োজনের সমন্বয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দর্শক-শ্রোতার সঙ্গে আরও নিবিড় সংযোগ গড়ে তুলতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।