রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে হাসপাতালের বেজমেন্টে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর ১২টা ৩৮ মিনিটে হাসপাতালের বেজমেন্টে আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় একে একে মোট ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
টানা প্রচেষ্টার পর দুপুর ১টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হাসপাতালের বেজমেন্টে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।