রাজধানীতে বজ্রাঘাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন—সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। তারা দুজনেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা সহপাঠী অগ্নিলা স্বর্ণালী জানান, বিকেল ৫টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় তারা ঢাবির অপরাজেয় বাংলা এলাকায় অবস্থান করছিলেন। আকস্মিক বজ্রাঘাতে সুফিয়া ও ফারাহ গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুই শিক্ষার্থী বর্তমানে ঢামেক হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকেরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাবি এলাকা থেকে বজ্রাঘাতে আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে নতুন ভবনে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।