কোনো পুলিশ সদস্য অপরাধে জড়ালে চাকরিচ্যুতসহ বিভাগীয় মামলা দেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। গত কয়েক সপ্তাহে নানা অভিযোগে পুলিশের অনেক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২ মে) দুপুরে ঢাকার কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশে এখন শীর্ষ সন্ত্রাসী তেমন নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী। তারা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাচ্ছে। তবে তারা নজরদারিতে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীদের তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা মাথাচাড়া দেওয়ার আগেই কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। পুলিশি সেবা আরও জনবান্ধব ও গণমুখী করার বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’এ সময় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
তেজগাঁও থানার ডিএমপির কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন কমিশনার মো. সরওয়ার। উদ্বোধনের পর তিনি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। ডিএমপির উদ্যোগে প্রতিষ্ঠিত এই পুলিশ ক্যাম্পটি কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।