রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। যাত্রাবাড়ীর শনির আখড়ায় রোববার (১৭ মে) এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সাজিত হাসান (৩৫) বেসরকারি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুরে তিনি মারা যান।
নিহত সাজিত কদমতলির মেরাজনগর এলাকায় থাকতেন। তার বাবা মোহাম্মদ সোলাইমান জানান, ছেলে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো এদিনও তিনি অফিসের কাজে বেরিয়েছিলেন মোটরসাইকেলে চড়ে। এ সময় শনির আখড়ার মোড়ে দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। পরে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।