রাজধানীর মিরপুরে সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছে প্রশাসন। বুধবার (২০ মে) সকালে উচ্ছেদ অভিযান চালাতে গেলে পুলিশকে ধাওয়া দেন দখলদার ও স্থানীয়রা। পরে বিকেলে অতিরিক্ত পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফের অভিযান শুরু হলেও আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে চারটা পর্যন্ত সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যেই চলছিল উচ্ছেদ কার্যক্রম।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বস্তিবাসীদের জন্য নির্মিত ৫৩৩ ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত সরকারি জায়গা ও মিরপুরের সেকশন-১, ব্লক-এ এর পুনর্বাসন জোনের ৩ নম্বর রোডের ওপর থেকে অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদে বুধবার সকাল নয়টার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
প্রশাসনের লোকজন উপস্থিত হওয়ার পর স্থানীরা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখান থেকে ফিরে যান। পরে স্থানীয়রা পুলিশ সদস্যদের ধাওয়া দেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দৌড়ে স্থান ত্যাগ করেন।
বিকেল চারটার দিকে পুলিশের বিপুল সংখ্যক সদস্য নিয়ে সেখানে নতুন করে অভিযানে নামে প্রশাসন। সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ফের বাধার মুখে পড়ে এবং সংঘর্ষ বাধে। তবে এবার ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে এক্সকেভেটর দিয়ে অবৈধ স্থাপনাগুলো ভাঙতে শুরু করে প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।