আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা এবং ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার বিভিন্ন পয়েন্ট পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকল্পে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ঈদের আগে সাত দিন ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে।
আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করে সরকার। ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সরকারি অফিস খোলা থাকবে। গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।