তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। রোববার (২৪ মে) বিকেল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হওয়া বৃষ্টিপাতে নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে। তবে হঠাৎ হওয়া এ বৃষ্টিতে পথচারী ও কর্মজীবী মানুষকে দুর্ভোগেও পড়তে হয়েছে।
এদিন বিকেল ৪টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বাংলামোটর, মগবাজার, হাতিরঝিল, কারওয়ানবাজার, মহাখালীসহ বেশকয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ঈদকে সামনে রেখে কেনাকাটাসহ বিভিন্ন প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন, তারা কিছুটা ভোগান্তিতে পড়েন। সড়কে পণ্যের পসরা সাজিয়ে বসা ভাসমান দোকানিদেরও বৃষ্টি থেকে তাদের মালামাল রক্ষা করতে দেখা গেছে।
এদিকে হঠাৎ ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে যান চলাচলে ধীরগতি দেখা দেয় এবং অফিস শেষে ঘরে ফেরা মানুষ দুর্ভোগে পড়েন। অনেককে রাস্তার পাশের দোকানপাট, অফিস ভবনের নিচে ও বাসস্ট্যান্ডে আশ্রয় নিতে দেখা যায়।
তবে অসহ্য গরমের মধ্যে বৃষ্টি কিছুটা হলেও স্বস্তিও দেয় তাদের। বিশেষ করে নাড়ির টানে যারা ইতোমধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেই সব ঘরমুখো মানুষের যাতায়াতে তপ্ত গরমের ক্লান্তি দূর করে এক টুকরো প্রশান্তি এনে দিয়েছে এই বৃষ্টি।