মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে উপস্থিত থেকে এই বিশেষ ছাড় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।
ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬-এর উপ-প্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক মেট্রোরেলের যাত্রীদের সুবিধার্থে জনকল্যাণমূলক এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ছাড় প্রাপ্তির শর্তাবলি সম্পর্কে বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী সিনিয়র সিটিজেনরা কাউন্টারে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।
একইভাবে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রদত্ত ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রা টিকিটের ক্ষেত্রে ২৫ শতাংশ বিশেষ এই ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন।
এর আগে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। এ সুবিধাও সোমবার থেকে কার্যকর হবে।