রাজধানীর বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। তারা হলেন মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়।
সোমবার (২৫ মে) ভোর সোয়া ৪টার দিকে পুর্ব বাড্ডা কবরস্থান রোডের একটি চিপস তৈরির কারখানা থেকে দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে বাড্ডা কবরস্থান রোডের একটি চিপস কারখানায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভিয়ে ফেলে। এরপর ভেতর থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আগুনে পুড়েই দুই কর্মচারী মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওই কারখানার কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, পূর্ব বাড্ডার কবরস্থান রোডে মালিক আমিরুল ইসলামের মারিয়া আব্দুল্লাহ ফুড নামে চিপস তৈরির কারখানায় কাজ করেন তারা। কারখানাটি টিনসেড ও দুইতলা। গত রাতে তারা ১০ জন কর্মচারী কারখানার ভেতরে ছিলেন।
তিনি আরও জানান, গত রাত ১০টায় তারা খাওয়া-দাওয়া করে কারখানার দুইতলায় ঘুমিয়ে পরেন তারা। রাত ২টার দিকে গরম হাওয়া ও ধোঁয়ায় তাদের ঘুম ভেঙে যায়। এরপর নিচ থেকে চিল্লাচিল্লির আওয়াজে নিচে যাওয়ার চেষ্টা করেন। কারখানার সবাই বাইরে বের হলেও মোস্তফা ও মাহমুদুল বের হতে পারেননি। আগুন নেভানোর পর দুইতলা থেকে তাদের মরদেহ পাওয়া যায়। জানতে পেরেছি, কারখানার নিচতলায় শটসার্কিট থেকে আগুন লাগে।