চীনগামী এক নারী যাত্রীর দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ চিকিৎসাসামগ্রী উদ্ধার করেছেন আনসার সদস্যরা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
এদিন বিমানবন্দরের ১ নম্বর হেভিলাগেজ গেইটে দায়িত্বরত নারী আনসার সদস্য সোনালী খাতুনের তল্লাশিতে ধরা পড়েন ওই যাত্রী। তিনি শরীরে ও ব্যাগে লুকিয়ে রেখেছিলেন ৩০০ পিস ইনসুলিন সিরিঞ্জ ও ১৫ বক্স ‘অ্যালোপ্যাগ-৫০’ ওষুধ।
আটককৃত যাত্রীর নাম সুমন নাহার সুমি (৩৫)। আনসার বাহিনীর টিআই ওয়াসিম মিয়া ও এপিসি নিজাম উদ্দিন দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্ত যাত্রীকে বিমানবন্দর এভসেক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
চোরাচালান রোধে এমন ভুমিকায় বিমানবন্দর কর্তৃপক্ষ আনসার বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন।